নিজের উপার্জিত অর্থে স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, ফ্ল্যাট বা বাড়ি কেনা বেআইনি কোনো কাজ নয়। অনেকেই ভবিষ্যৎ নিরাপত্তা, উত্তরাধিকার নিশ্চিত করতে কিংবা পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে পরিবারের সদস্যদের নামে সম্পত্তি কিনে থাকেন। আবার অনেকে নিজের অর্থে সম্পত্তি কিনে দলিল করেন পরিবারের অন্য কোনো সদস্যের নামে। তবে এ ধরনের লেনদেনের ক্ষেত্রে সম্পদের মালিকানা, অর্থের উৎস এবং উপহার বা ঋণের প্রমাণ নিয়ে অসংগতি থাকলে আয়কর কর্তৃপক্ষের জেরার মুখে পড়ার সম্ভাবনা থাকে। তাই এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
সম্পত্তি কেনার ক্ষেত্রে প্রধান প্রশ্নগুলো হলো—টাকা কোথা থেকে এসেছে, যাঁর নামে কেনা হয়েছে তিনি কি প্রকৃত মালিক, এবং অর্থটি উপহার না ঋণ হিসেবে দেওয়া হয়েছে। এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা ও প্রমাণ না থাকলে রিটার্নে সম্পদের হিসাব এবং কর নির্ধারণের সময় জটিলতা সৃষ্টি হতে পারে। আয়কর আইন ২০২৩-এর ৬৬ ধারা অনুযায়ী, দান বা উপহারকে সাধারণভাবে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে ধরা হয়। তবে ষষ্ঠ তফসিলের ৩৫ নম্বর দফা অনুযায়ী নির্দিষ্ট কিছু আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার মোট আয় থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে। স্বামী-স্ত্রী, মা-বাবা, সন্তান এবং আপন ভাইবোনের মধ্যে উপহারের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায়। শর্ত হলো, দাতা ও গ্রহীতা উভয়ের আয়কর রিটার্নেই উপহারের তথ্য থাকতে হবে। উদাহরণস্বরূপ, একজন বাবা তাঁর মেয়েকে এক কোটি টাকার ফ্ল্যাট উপহার দিলে, বাবা তাঁর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি দেখাবেন এবং মেয়ে নিজের রিটার্নে সম্পদ বৃদ্ধির তথ্য উল্লেখ করবেন। আইনের শর্ত পূরণ হলে মেয়ের পাওয়া এই উপহার আয়করমুক্ত হতে পারে।
আয়করমুক্ত হওয়া আর দানকরমুক্ত হওয়া এক নয়। দানকর আইন ১৯৯০ অনুযায়ী, ছেলে-মেয়ে, বাবা-মা, স্বামী-স্ত্রী ও আপন ভাইবোনকে দেওয়া উপহার দানকর থেকে অব্যাহতি পায়। তবে দাদা-নাতি, নানা-নাতনি, চাচা-ভাতিজা কিংবা মামা-ভাগনের মধ্যে উপহার স্বয়ংক্রিয়ভাবে দানকরমুক্ত নয়। ফ্ল্যাট বা জমির ক্ষেত্রে বাজারমূল্য বিবেচনায় দানকর নির্ধারণ করা হয় এবং করযোগ্য উপহার হলে পরবর্তী কর বছরের ১৫ সেপ্টেম্বরের আগে দানকর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।
পরিবারের সদস্যদের কাছ থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট বা প্লট কেনাও বৈধ। তবে আয়কর আইন ২০২৩-এর ৬৭ ধারার ১৩ উপধারা অনুযায়ী, ব্যাংকিং চ্যানেলের বাইরে পাঁচ লাখ টাকার বেশি ঋণ বা আমানত গ্রহণ করলে তা নির্দিষ্ট শর্তে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচিত হতে পারে। তাই ঋণ নিলে তার পরিমাণ, শর্ত, পরিশোধের সময়সীমা এবং লেনদেনের প্রমাণ রাখা জরুরি। ঋণ মওকুফ করা হলে সেটি উপহার হিসেবে গণ্য হয়ে দানকর আইনের আওতায় আসতে পারে।
যদি কোনো চাকরিজীবী নিজের স্ত্রীকে মালিক দেখিয়ে ফ্ল্যাট কেনেন কিন্তু তাঁর আয় বা ব্যাংক হিসাবের বিবরণী থেকে সেই সামর্থ্য না পাওয়া যায়, তবে কর কর্তৃপক্ষ অর্থের উৎস জানতে চাইতে পারে। এ ক্ষেত্রে সঞ্চয়, ব্যবসা থেকে আয় বা উত্তরাধিকারের মতো উৎসের গ্রহণযোগ্য প্রমাণ থাকতে হবে। ব্যাখ্যাহীন ব্যাংক জমা বা ঘোষিত আয়-ব্যয়ের সঙ্গে অসংগতি থাকলে তা ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচিত হতে পারে। কর জটিলতা এড়াতে অর্থের উৎসের প্রমাণ, উপহারের দলিল, ঋণের চুক্তিপত্র, ব্যাংক লেনদেনের রসিদ এবং দাতা-গ্রহীতা উভয়ের আয়কর রিটার্নের কপি সংরক্ষণ করা উচিত।
দুটি করের বিধান আলাদাভাবে বিবেচনা করতে হবে।.বাংলাদেশে দানকর আইন ১৯৯০ অনুযায়ী, একজন ব্যক্তি স্বেচ্ছায় এবং কোনো প্রতিদান ছাড়া অন্য ব্যক্তিকে নগদ অর্থ, জমি, বাড়ি বা ফ্ল্যাট উপহার দিলে তা দান হিসেবে বিবেচিত হতে পারে।এই আইনের ৪ ধারায় নির্দিষ্ট আত্মীয়দের উপহার দেওয়ার ক্ষেত্রে দানকর অব্যাহতি রয়েছে।
অর্থের উৎসের প্রমাণ: সঞ্চয়, ব্যবসার আয়, উত্তরাধিকার বা অন্য কোনো উৎস থেকে পাওয়া অর্থের কাগজপত্র।২.