কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক সামরিক অভিযানে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি সত্ত্বেও ইরানের কাছে এখনো আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাতে রোববার প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই পরিসংখ্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে, যেখানে তিনি দাবি করেছিলেন যে ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গোয়েন্দা তথ্যানুযায়ী ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। ফলে নতুন করে সংঘাত সৃষ্টি হলে অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও তার মিত্রদের ওপর আঘাত হানার সক্ষমতা তেহরানের এখনো বিদ্যমান। তবে এ মূল্যায়নের ওপর গোয়েন্দাদের আস্থার মাত্রা কিছুটা কম বলে জানিয়েছেন কর্মকর্তারা। কারণ ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কতগুলো তাৎক্ষণিকভাবে নিক্ষেপের উপযোগী আর কতগুলো মজুত অবস্থায় রয়েছে, সেটির নির্ভুল হিসাব বের করা বেশ কঠিন।

সংঘাত-পূর্ব পরিস্থিতির তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পুনর্গঠন প্রক্রিয়া এখন বেশ ধীরগতিতে এগোচ্ছে। তবে দেশটির কাছে এখনো প্রচুর পরিমাণে ড্রোন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে তারা আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। ইসরাইলি সামরিক কর্মকর্তাদের ধারণা অনুযায়ী, তেহরানের হাতে এখনো ১ হাজার ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যদিও এ বিষয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে কিছুটা ভিন্নতা দেখা যায়।

মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান, সবচেয়ে কম সংখ্যার হিসাবটিও যদি সঠিক ধরে নেওয়া হয়, তাহলেও বলা যায় যুদ্ধের আগের তুলনায় ইরান তার মোট ক্ষেপণাস্ত্র ভান্ডারের অর্ধেকেরও বেশি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক স্থাপনা, আগাম সতর্কীকরণ অবকাঠামো এবং রাডার ব্যবস্থার বেশ কিছু দুর্বলতা প্রকাশ্যে এনে দিয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানে না গিয়ে অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমেই চাপ বজায় রাখার কৌশল নিয়েছে। অন্যদিকে, ইরান পাল্টা হামলা চালাতে পারে—এমন আতঙ্কে নতুন সংঘাত এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদেশগুলো। তবে এসবের মধ্যেও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল এখনো ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে।