জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রোববার (১৫ নভেম্বর) এ বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। সূচনা বক্তব্য পর্ব শেষে মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
মামলার বিচারিক ধারার অংশ হিসেবে গত ৩০ জুন ট্রাইব্যুনাল-২ অভিযুক্ত ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন। তবে গ্রেপ্তার থাকা পাঁচ আসামি অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জানালে ২১ সেপ্টেম্বর প্রথম দফায় এর শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে গত ১৯ অক্টোবর ট্রাইব্যুনাল আসামিপক্ষের আবেদনটি খারিজ করে দেন। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়। এর আগে গত ৫ এপ্রিল প্রসিকিউশন পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিল করা হলে ৭ এপ্রিল ট্রাইব্যুনাল সুনির্দিষ্ট তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন।
মামলাটিতে অভিযুক্ত ২২ আসামির মধ্যে বর্তমানে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাঁরা হলেন— চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ বাকি ১৭ জন আসামি এখনও পলাতক। পলাতক অন্য আসামিরা হলেন— সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।