জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছাকাছি এলাকায় টানা ছয় দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার এক নারী। খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে তিনি বর্তমানে শূন্য রেখায় (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন।
ঘটনার সূত্রপাত গত ১০ নভেম্বর সকাল ৮টার দিকে, যখন ৩০ বছর বয়সী ওই নারীকে বিএসএফ পুশইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে জামালপুর ৩৫ বিজিবি এবং স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত বাধায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই ওই নারী শূন্য রেখায় আশ্রয় নিয়েছেন।
স্থানীয়রা পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে বিএসএফ ওই নারীকে পুশইনের চেষ্টা চালায়। বিজিবি ও এলাকাবাসী তা প্রতিরোধ করেছে। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।