গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার সকাল ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এই মিছিল পরিচালিত হয়। মিছিলে অংশ নেওয়া অনেকের মাথায় হেলমেট ছিল এবং তাদের হাতে লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালের মতো অস্ত্র দেখা যায়।
বিক্ষোভের এক পর্যায়ে গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। স্থানীয় পৌরসভাগুলোর বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক শহরের লঞ্চঘাট এলাকায় সমবেত হন। এ সময় কয়েকজন নেতাকর্মীকে পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়। তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাঁচ ভেঙে ফেলেন। এছাড়া এপিসির গায়ে লাল রং দিয়ে 'জয় বাংলা' স্লোগান লিখে দেওয়া হয়।
মিছিলটি চলাকালে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভটিও ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে তারা হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলেন। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে 'সরকারি বঙ্গবন্ধু কলেজ' লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।