তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১০ নভেম্বর অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ও সহায়তায় নিজের এবং তুরস্কের সবটুকু সক্ষমতা ব্যবহারের আশ্বাস দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি তারেক রহমানকে বাংলাদেশের মানুষের নেতা এবং একজন মূল্যবান ভাই মনে করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এবং জানান, তুরস্কের সক্ষমতার ভেতরে যা কিছু সম্ভব তা বাংলাদেশের জন্য তিনি করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল প্রয়োজন অনুযায়ী আহ্বান জানালেই পদক্ষেপ নেওয়া হবে বলে এরদোয়ান স্পষ্ট করেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও উল্লেখ করেন, বহুপক্ষীয় ফোরামে কোনো আয়োজক দেশের প্রধান খুব কমই দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে তুর্কি প্রেসিডেন্ট স্বল্পসংখ্যক সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে সম্মেলনের প্রথম দিনেই অন্যতম আকর্ষণীয় দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এই দ্বিপক্ষীয় আলোচনা আন্তর্জাতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং এটি কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
দুই নেতার আলোচনার প্রধান বিষয়বস্তু তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক খাত সম্পর্কিত বিনিয়োগ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য তুর্কি বিনিয়োগ এবং প্রতিরক্ষা সম্পর্কিত অন্যান্য উৎপাদনে যৌথ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ কথা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য অর্থায়ন নিশ্চিত করতে ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ শীর্ষক উদ্যোগ নিয়েও উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।