বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব কর্মসূচি প্রণয়ন করে রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।
জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সম্ভাব্য তৎপরতা মাথায় রেখেই বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তারেক রহমান স্পষ্ট করেছেন যে, তাদের এসব কর্মসূচি অন্য কোনো পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, তেমন কোনো কর্মসূচিও নেওয়া হবে না।
বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে। এছাড়া বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা আরও বাড়াতে চায়।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।"