নেত্রকোনার মদন উপজেলায় সরকারি নিয়ম-নীতি ও কোনো প্রকার নিলাম প্রক্রিয়া ছাড়াই মদন-শিবপাশা সড়কের একটি পুরোনো ব্রিজ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উপজেলা প্রকৌশলীর যোগসাজশে রাতের আঁধারে গোপনে ব্রিজটি অপসারণ করা হয়েছে। এর ফলে একদিকে সরকারি বিপুল পরিমাণ রাজস্ব আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে সড়কটিতে চলাচলকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে গত ৯ নভেম্বর মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ফেকনী গ্রামের অধিবাসীরা। অভিযোগ বিবরণীতে বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে মদন থেকে ফেকনী হয়ে শিবপাশা পর্যন্ত সড়কটি উন্নয়ন ও সংস্কারের জন্য টেন্ডার করা হয়। কিন্তু ফেকনী গ্রামসংলগ্ন এই পুরোনো ব্রিজটি নিলামের কোনো তোয়াক্কা না করে আইনবহির্ভূতভাবে ভেঙে ফেলা হয়। লোহা ও অন্যান্য মূল্যবান নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারিয়েছে বলে শঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
ব্রিজটি হঠাৎ অপসারিত হওয়ায় সড়কটি দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পুরো এলাকার যাতায়াত ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। ফেকনী গ্রামের অধিবাসী সৈয়দ মোশাররফ হোসেন, মো. রোমন মিয়া ও মো. ফজলে রাব্বিসহ অন্য স্বাক্ষরকারীরা অবিলম্বে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে আইনগত পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন। ক্ষোভ জানিয়ে সৈয়দ মোশাররফ হোসেন বলেন, “কোনো ধরনের সরকারি নিলাম বা টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ব্রিজটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে এলাকার সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে সীমাহীন কষ্টে পড়েছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
অভিযোগের সত্যতা নিয়ে কথা বলা হলে মদন উপজেলা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান দাবি করেন, নিলামের কাজ সম্পন্ন করেছে ইউনিয়ন পরিষদ এবং সেই প্রক্রিয়ার আলোকেই এলজিইডির অনুমোদিত ঠিকাদার ব্রিজ ভেঙে নতুন অবকাঠামো তৈরি করছেন। কিন্তু নিলামের টাকার অঙ্ক জানতে চাইলে তিনি ইউনিয়ন প্রশাসকের ওপর দায় চাপিয়ে বলেন, “ইউনিয়ন প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন, তিনি ভালো বলতে পারবেন।” অন্যদিকে মদন ইউনিয়ন প্রশাসক ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বিপরীত মন্তব্য করে বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। আপনি ইঞ্জিনিয়ার অফিসে কথা বলেন, তারা ভালো বলতে পারবে।”
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সড়কের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এম এস ভাটি বাংলা’র প্রতিনিধি সেন্টু মিয়ার ফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সার্বিক বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন প্রশাসকের এই ধরনের নিলাম দেওয়ার কোনো আইনগত একচ্ছত্র সুযোগ নেই। বিষয়টি মূলত এলজিইডির আওতাধীন হওয়ায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।