ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় দুষ্কৃতকারীদের ধরতে কঠোর সাঁড়াশি অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি নাশকতার চাঞ্চল্যকর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ৪ জন মূল মাস্টারমাইন্ডসহ ২৩ জন শীর্ষ ও মধ্যম সারির নেতাকে চিহ্নিত করা হয়েছে। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত এই চক্রটি কয়েকটি স্তরে বিভক্ত হয়ে বিস্ফোরক সরবরাহ ও অর্থ জোগানের কাজ পরিচালনা করছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, নাশকতার মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত চারজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। পাশাপাশি নেপথ্যে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়া ১১ জনের তালিকায় রয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার (সুনামগঞ্জ-১), হাবিবুর রহমান হাবিব (সিলেট-৩), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), মাইনুল হোসেন খান নিখিল (ঢাকা-১৪) ও মির্জা আজম (জামালপুর-৩)। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকও এই তালিকায় রয়েছেন।
তদন্ত প্রতিবেদনে নাশকতার নেপথ্যে থাকা ৮ জন মধ্যম সারির নেতার নামও উঠে এসেছে। তারা হলেন লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।
নাশকতায় অর্থায়নের জন্য অঞ্চলভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে গোয়েন্দা নথিতে উল্লেখ রয়েছে। ঢাকা মহানগর অঞ্চলে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলম অর্থ সরবরাহ ও কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমন মিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম অর্থ জোগানের দায়িত্বে রয়েছেন। এর বাইরে বিভিন্ন পোশাক কারখানার মালিক ও আওয়ামী লীগ মনোভাবাপন্ন প্রভাবশালী ব্যবসায়ীরা এই অর্থায়নে যুক্ত রয়েছেন।
অনুসন্ধানে দেখা গেছে, ভারত সীমান্তবর্তী ছয়টি রুট ব্যবহার করে কয়লার গাড়িতে করে অবৈধ বিস্ফোরক ও ককটেলের উপাদান দেশে আনা হচ্ছে। বুড়িমারী ও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর এবং সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমসেরনগর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্ত দিয়ে এসব উপাদান প্রবেশ করছে। সংগৃহীত বিস্ফোরক দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চর এলাকা এবং নৌকায় ককটেল তৈরি করা হচ্ছে। পরবর্তীতে রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান স্পটে এসব ককটেল জমা করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়। ককটেল বিতরণের সময় ওই নির্দিষ্ট স্থানগুলো থেকে গার্মেন্ট মালিকরা নাশকতার অর্থ বণ্টন করেন।
চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত নিষিদ্ধ সংগঠনটি রাতের আঁধারে গোপন ও ঝটিকা কর্মসূচি বাড়িয়েছে। গোয়েন্দা পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ৫৭টি তৎপরতা রেকর্ড করা হয়, যার মধ্যে ছিল ২২টি ঝটিকা মিছিল, ৪টি ককটেল বিস্ফোরণ, ২টি মশাল মিছিল ও ৪টি বিক্ষোভ মিছিল। তবে নভেম্বরের প্রথম ১৪ দিনেই (১-১৪ নভেম্বর) এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮১টিতে। এ সময়ে ৪০টি ঝটিকা মিছিল, ১০টি ককটেল বিস্ফোরণ, ১টি অগ্নিসংযোগ, ৫টি কুশপুত্তলিকা দাহ, ৪৯টি আতশবাজি ফোটানো, ১০টি মশাল মিছিল এবং ১৫টি বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে চলন্ত বাসে আগুন ও চোরাগোপ্তা ককটেল হামলার ক্ষেত্রে বস্তির অপরাধীদের মাত্র ৫০০ টাকার বিনিময়ে ব্যবহার করা হচ্ছে। গত ৫ থেকে ১১ নভেম্বরের মধ্যে আদাবর, শাহবাগ, মিরপুর, মালিবাগ ও যাত্রাবাড়ীতে বেশ কিছু নাশকতার ঘটনা ঘটে। গত ৮ নভেম্বর রাতে মালিবাগে সিআইডি কার্যালয় ও মিরপুরের রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আশরাফুল ও রিকশাচালক হৃদয় শেখকে আটক করে পুলিশ। আদালতে হৃদয় শেখের জবানবন্দি অনুযায়ী, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীরের নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শিপন ও ইব্রাহিমের মাধ্যমে এসব ককটেল সরবরাহ করা হয়েছিল। একইভাবে ৯ নভেম্বর সিএমএম আদালত প্রাঙ্গণে বিস্ফোরণে জড়িত ফয়সাল ও সুকুমার গ্রেপ্তার হলে চ্যাটের সূত্রে ছাত্রলীগ কর্মী মাইদুল ও রাসেলের সম্পৃক্ততা উন্মোচিত হয়। কড়াইল ও চলন্তিকা বস্তির অপরাধীদের তালিকা পলাতক রাজনৈতিক নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাদের কাছে রয়েছে বলে জানা গেছে।
সার্বিক বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, নাশকতার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের শিকড় উপড়ে ফেলতে চলমান সাঁড়াশি অভিযান আরও কঠোর হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন বলেন, আতঙ্কের পরিবেশ তৈরি করতে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এসব হাতেনাতে ধরা পড়ছে। প্রতিটি ঘটনার গভীরে গিয়ে তদন্ত চালানো হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।