অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় এক দিনে আরো তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার রাফাহর কাছে ড্রোন হামলা এবং গাজা সিটিতে আগের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যুতে এই প্রাণহানির ঘটনা ঘটে।

চিকিৎসা সূত্র জানায়, রাফাহর উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় মুআবিয়া মসজিদের কাছে ইসরাইলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে আহমেদ সাঈদ ফাথি আবদিন ও মোতাজ হাজ্জি নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। গাজার ক্রসিং কর্তৃপক্ষের এক সূত্র জানায়, কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশ করা পণ্যবাহী ট্রাক পর্যবেক্ষণের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের একটি কার্যালয় লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ওই সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ৩৪ বছর বয়সী আবদিন সেখানে কর্মরত ছিলেন। এর আগে গত ২৮ অক্টোবর একই স্থানে হামলা চালিয়ে গাজার সরকারি ছয় কর্মীকে হত্যা করেছিল ইসরাইলি বাহিনী। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছিল, ওই কর্মীরা প্রবেশ করা পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ঠেকানোর দায়িত্বে ছিলেন।

এদিকে, গাজা সিটির আল-জালা সড়কে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে আগের ইসরাইলি হামলায় আহত আবদুল্লাহ মাজেন হাসুনা (২৮) রোববার মারা গেছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এ ছাড়া খান ইউনিসের আল-সাতর আল-গারবি এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ এবং উপকূলীয় এলাকায় নৌবাহিনীর গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। অন্যদিকে, জাবালিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বাড়িঘর ও তাঁবু লক্ষ্য করে সামরিক যান এবং কোয়াডকপ্টার ড্রোন থেকে ব্যাপক গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী।

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৬: ৪৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬: ৪৫