অনলাইন গণমাধ্যম 'ডেইলি বাংলাদেশ'-এর শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের বাবা স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব মো. সফর উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ২০২৪ সালের ১৬ নভেম্বর ৬৩ বছর বয়সে রাজধানীর ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ার পর ২০২৪ সালের ৯ নভেম্বর ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে মো. সফর উদ্দিনের অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ নভেম্বর তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। পরদিন ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।

জীবদ্দশায় মো. সফর উদ্দিন সামাজিক ও ধর্মীয় কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি স্থানীয় যিদনী মডেল স্কুলের সহসভাপতি, স্থানীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং সদর থানা এলাকার উন্মুক্ত কবরস্থানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃত্ব দিয়ে তিনি স্থানীয় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয় ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে সাংবাদিক মো. জাহিদুল হক মনির সাংবাদিকতার পাশাপাশি ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন।

বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করে জাহিদুল হক মনির বলেন, ‘বাবাকে হারানোর দুই বছর হয়ে গেল। সময় যত যাচ্ছে, বাবাকে হারানোর শূন্যতাটা যেন আরও গভীর হচ্ছে। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর কথা মনে পড়ে। ছোটবেলা থেকে বাবার স্নেহ, শাসন ও সাহসই ছিল আমার পথচলার বড় শক্তি। আজ তিনি নেই, কিন্তু তাঁর শেখানো মূল্যবোধ ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা এখনো আমাকে পথ দেখায়।’

হাসপাতালের দিনগুলোর স্মৃতি তুলে ধরে মনির আরও যোগ করেন, ‘বাবার শেষ সময়ের দিনগুলো এখনো চোখের সামনে ভাসে। হাসপাতালের আইসিইউর সেই সময়, ভেন্টিলেশনে থাকা বাবাকে ঘিরে আমাদের উৎকণ্ঠা। সবকিছুই এখনো মনে হয় এই তো সেদিনের ঘটনা। ১৬ নভেম্বর দিনটি আমাদের পরিবারের জন্য কখনো ভুলার নয়।’ এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুম সফর উদ্দিনের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে খাস দোয়া প্রার্থনা করা হয়েছে।