জাপানি সুরকার ও সংগীত প্রযোজক আকিরা কোসেমুরার কাছে সংগীত তৈরির প্রক্রিয়াটি এক গভীর রহস্যের মতো। সুরের জন্ম সব সময় সচেতন পরিকল্পনা থেকে আসে না; অনেক সময়ই তা নিজের অজান্তে এক অলৌকিক মুহূর্তের মতো উদাপিত হয়। শৈশবে চলচ্চিত্রের আবহসংগীতের প্রতি অনুরাগ থেকে তার এই সুরের যাত্রা শুরু হলেও পরবর্তীতে প্রকৃতির নানা ধ্বনি, মানুষের হাসি কিংবা শহরের কোলাহল তার ঝুলিকে সমৃদ্ধ করেছে। ‘১৫ কোয়েশ্চনস’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের অ্যালবাম ‘ইন দ্য ডার্ক উডস’ তৈরির অভিজ্ঞতা এবং সুর সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন।

১৯৮৫ সালের ৬ জুন টোকিওতে জন্মগ্রহণ করা আকিরা কোসেমুরা একজন স্বশিক্ষিত সুরকার, পিয়ানোবাদক ও সংগীত প্রযোজক। মাত্র তিন বছর বয়স থেকে ক্লাসিক্যাল পিয়ানো শেখা শুরু করলেও হাইস্কুলে ওঠার আগেই সেই নিয়মিত চর্চা ছেড়ে দিয়েছিলেন তিনি। টানা অনুশীলনকে তার কাছে একঘেয়ে মনে হতো এবং ঘণ্টার পর ঘণ্টা পিয়ানোর সামনে বসে থাকার মতো ধৈর্য তখন তার ছিল না। তবে ১০ বছর বয়সে সিনেমা হলে দেখা ‘টাইটানিক’ চলচ্চিত্রের জেমস হর্নারের সংগীত তাকে গভীরভাবে মোহিত করে। সেল্টিক সুর, মেলোডি, অর্কেস্ট্রেশন এবং ইলেকট্রনিক শব্দের অভিনব মিশ্রণে অনুপ্রাণিত হয়ে নিজের টাকায় জীবনে প্রথম সেই অ্যালবামের ক্যাসেট-সিডি কেনেন তিনি। পরবর্তীতে জন উইলিয়ামস ও অ্যালান সিলভেস্ট্রির আবহসংগীত শুনেও অনেক কিছু শেখেন।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ল্যাপটপ কিনে চারপাশে ছড়িয়ে থাকা শব্দ ধরে রাখার অভ্যাস শুরু করেন কোসেমুরা। পাখির ডাক, বাতাসে গাছের পাতা নড়ার শব্দ, গাড়ির আওয়াজ কিংবা মানুষের হাসির মতো চারপাশের নানা আওয়াজ রেকর্ড করে সেগুলোর সঙ্গে বাদ্যযন্ত্রের ক্ষুদ্র ক্ষুদ্র সুর মেশাতেন। এটি ছিল অনেকটাই ছবি ছাড়া শুধু শব্দ দিয়ে চলচ্চিত্র সম্পাদনার মতো কাজ। ২০০৭ সালে প্রায় ২১ বছর বয়সে অস্ট্রেলিয়ার একটি নিরীক্ষাধর্মী পপ লেবেল থেকে তার প্রথম একক অ্যালবাম ‘ইটস অন এভরিথিং’ প্রকাশিত হয়। একই বছর তিনি নিজে প্রতিষ্ঠা করেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্কোল রেকর্ডস’।

কাজের প্রারম্ভিক চ্যালেঞ্জ নিয়ে কোসেমুরা জানান, শুরুতে নিজের কাছে সৎ থাকা এবং নিজে কী শুনতে চান তা অনুধাবন করাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে স্টিভ রাইখ, ফিলিপ গ্লাস, জন অ্যাডামস, ব্রায়ান ইনো, রিওজি ইকেদা, আলভা নোটো, ফেনেস এবং লরেন্স ইংলিশের মতো শিল্পীদের অ্যাম্বিয়েন্ট, ইলেকট্রনিক ও মিনিমাল সংগীত তাকে অনুপ্রাণিত করেছে। শুরুতে একটি ছোট ঘরে ল্যাপটপ, কিবোর্ড ও আপরাইট পিয়ানো নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে লেবেলের প্রযোজনা অফিসকেই স্টুডিও হিসেবে ব্যবহার করছেন তিনি। চলচ্চিত্রে কাজের সূত্রে নতুন সরঞ্জাম যুক্ত হলেও তার মূল আশ্রয় এখনো পিয়ানো। তবে তার পরিষ্কার মত, কোনো যন্ত্র নয়, সংগীত রচনার সবচেয়ে জরুরি উপাদান হলো মানুষের কল্পনাশক্তি।

প্রযুক্তির ভূমিকা সম্পর্কে তিনি মনে করেন, সফটওয়্যার ও আধুনিক প্রযুক্তি কল্পনাকে বিস্তৃত করার মাধ্যম মাত্র। সফটওয়্যার বা যন্ত্র কখনোই নিজে থেকে কল্পনা বা সুর তৈরি করতে পারে না; মানুষই প্রকৃত স্রষ্টা। অন্যান্য শিল্পীদের সঙ্গে দূরবর্তী ফাইল আদান-প্রদান, সরাসরি একসঙ্গে বাজানো কিংবা শুধু নতুন ধারণা নিয়ে কথা বলে কাজ করতেই বেশি পছন্দ করেন তিনি। ফাইল বিনিময়ের সুবিধার কারণে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যুক্ত হওয়া সহজ হয়েছে বলে তিনি মনে করেন।

নিজের দৈনন্দিন জীবন ও কাজের ধারা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে স্ত্রী ও দুই বছরের সন্তানের সঙ্গে সময় কাটান। এরপর সাইকেল ও ট্রেনে চেপে স্টুডিওতে যান। প্রকৃতির ঋতু পরিবর্তন, আবহাওয়া, বাতাস, শহরের শব্দ, বই কিংবা পরিবার—সবকিছুই তার কাছে সুরের অনুপ্রেরণা হিসেবে জমা হয়। তার আলোচিত অ্যালবাম ‘ইন দ্য ডার্ক উডস’ তৈরির মূল উদ্দেশ্য ছিল নিজের ভেতরের গভীর নীরবতার সম্মুখীন হওয়া। সন্তানের জন্মের পর তার হাঁটা শেখা এবং আচরণের মধ্য দিয়ে বাবা-মা ও পূর্বপুরুষদের ডিএনএ-র প্রভাব উপলব্ধি করা তাকে নতুনভাবে ভাবায়, যা অ্যালবামের ভাবনায় প্রকৃতির রূপ ও জীবনের ধারাবাহিকতার রূপ পেয়েছিল।

সুর সৃষ্টির কৌশল ও মানসিক অবস্থা প্রসঙ্গে এই শিল্পী জানান, গত ১০ বছরের অভিজ্ঞতায় মাথার ভেতরের সুরকে বাস্তবে রূপ দেওয়ার দক্ষতা বাড়লেও নতুন ধারণার সূচনাটি সব সময়ই অনাকাঙ্ক্ষিত ও অলৌকিক রূপ নিয়ে আসে। স্টুডিওতে সুর তৈরিকে নিজের মনের সঙ্গে কথোপকথন এবং মঞ্চে সরাসরি বাজানোকে শ্রোতাদের সঙ্গে যোগাযোগ হিসেবে দেখেন তিনি। সংগীত রচনার ক্ষেত্রে তিনি কখনো পিয়ানোতে ইম্প্রোভাইজেশনের মাধ্যমে সুর খুঁজে পান, আবার কখনো কোনো যন্ত্র ছাড়াই মনের গভীরে তৈরি হওয়া সুর সরাসরি লিখে ফেলেন। পাশাপাশি হেডফোন কানে দিয়ে হাঁটার সময় ভেতরের সংগীতের সঙ্গে বাইরের বাস্তবের শব্দ মিশে যে নতুন অনুভূতি তৈরি হয়, তাকেও সৃষ্টির অংশ মনে করেন তিনি।

নিজের অস্তিত্বের সঙ্গে সুরের সম্পর্ক তুলে ধরে কোসেমুরা বলেন, তিনি সংগীতকে খাওয়া বা শ্বাস নেওয়ার মতো এক স্বাভাবিক মানবিক প্রয়োজন হিসেবে দেখেন। নির্দিষ্ট কোনো সামাজিক বা রাজনৈতিক উদ্দেশ্যে তিনি গান লেখেন না, তবে তার সুর যদি কারও কাজে আসে তাতে তিনি আনন্দিত হন। অতীতের সুরকারদের ঐতিহ্যকে ধরে রেখেই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এমন কিছু সৃষ্টি করাই তার লক্ষ্য, যা আগে কেউ শোনেনি। উল্লেখ্য, ২০২২ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডেকা রেকর্ডসের সঙ্গে যুক্ত হন তিনি। 'সিজনস' ও 'মিরাই' তার অন্যতম জনপ্রিয় অ্যালবাম। এছাড়া একাধিক চলচ্চিত্র, টেলিভিশন, অ্যানিমে ও ভিডিও গেমের জন্যও সুর পরিচালনা করেছেন আকিরা কোসেমুরা।