তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এই সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সভার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল এই সভায়। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ থেকে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়। সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা ছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর।
পোশাক খাতে বেতন বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এর পরবর্তী সময়ে ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির প্রেক্ষিতে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়, যার ফলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছিলেন।
চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাক খাতে সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া কাঠামোয় সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি। সেই হিসেবে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে।