পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এদিন সকাল ১১টায় শ্রমভবনে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করার উদ্দেশ্যে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজকের সভায় মালিকপক্ষের মজুরি সংক্রান্ত প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন।

এ বিষয়ে শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে জানান, সোমবার সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান তাঁকে সভা স্থগিতের বিষয়টি অবহিত করেন। সভা স্থগিতের পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চলমান শ্রম আন্দোলন বন্ধ না হওয়া, সামগ্রিকভাবে শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। এই আন্দোলনের মুখে সরকার ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। অতীতে পাঁচটি মজুরি বোর্ডে দেখা গেছে, শ্রমিকেরা যে মজুরি দাবি করেছিলেন, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম, যা বড় ধরনের আন্দোলন উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।