গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সোমবার সকালে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে শ্রমিকেরা জড়ো হয়ে এই বিক্ষোভ শুরু করেন। মূলত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে দুটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেন।

শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য পুলিশ ও বিজিবি সদস্যরা অনুরোধ জানালে তারা উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত কয়েকদিনের ঘটনায় বর্তমানে ১৭টি কারখানা বন্ধ রয়েছে। তবে এর বাইরে বাকি সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বজায় রাখতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।