দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রশাসনিক প্রয়োজনে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর নতুন স্থানে স্থানান্তরের সিদ্ধান্তও অনুমোদন পেয়েছে।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে নতুন ‘মাতামুহুরী থানা’ প্রতিষ্ঠা করা হচ্ছে। মাতামুহুরী উপজেলার অধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে এই থানা স্থাপন করা হবে। একই সাথে বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে দ্বিখণ্ডিত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার আওতায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

পৌরসভা গঠনের অংশ হিসেবে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ জেলার নতুন গঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সাথে মিল রেখে সেখানকার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এ ছাড়া দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর পরিবর্তনের অনুমোদনও এসেছে। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা ভেঙে গঠিত নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর আগে নির্ধারিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তর করা হচ্ছে। একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার বদলে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।