থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ঘটা এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

থাই কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি একটি শহুরে এলাকায় আগুনের সূত্রপাত হয়। শুরুতে একটি গাড়ি ভাড়ার ব্যবসার ভবনে আগুনের শিখা দেখা দিলেও তা দ্রুত পার্শ্ববর্তী কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। উল্লেখ্য, এই ঘটনার মাত্র চার মাস আগেই ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল।