নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের সূচনা হয় শহরের ১ নম্বর ওয়ার্ডের ঢেলাপীর আবাসন এলাকায় এবং পরে ৩ নম্বর ওয়ার্ডের নয়াটোলায় মুসলিম স্কুলে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার শাহীন, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. রূপা, শিক্ষা বিষয়ক সম্পাদক রুজিনা, সৈয়দপুর পৌর বিএনপির সোহাগ, ১ নম্বর ওয়ার্ডের বশির উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মো. টুনটুন এবং মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে। এর পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে বক্তারা উল্লেখ করেন। পর্যায়ক্রমে সৈয়দপুরের অন্যান্য ওয়ার্ডসহ দেশের সব এলাকায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে তথ্য সংগ্রহের জন্য পাঁচজন সুপারভাইজার ও ৫২ জন তথ্য সংগ্রহকারী কাজ করছেন। পুরো উপজেলা পর্যায়ে রিজার্ভসহ মোট ১৩৩ জন কর্মী রয়েছেন। ইউনিয়ন পর্যায়ে আগে থেকেই তথ্য সংগ্রহের কাজ চলছে এবং আজ থেকে পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে তা শুরু হলো। কর্মীদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সবার সহযোগিতায় নির্ভুলভাবে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকারি এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি উপকারভোগী পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। কার্ডটি পরিবারের নারী প্রধান বা মায়ের নামে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে।