কৃষকদের কৃষিঋণ প্রাপ্তি সহজতর করা এবং এ সংক্রান্ত কার্যক্রমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলা শুরু হয়।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলাটির শুভ উদ্বোধন করেন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলায় উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলায় বিভিন্ন ব্যাংকের মোট ৩২টি স্টল অংশ নেয়। এসব স্টলের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিঋণ গ্রহণের নিয়ম, শর্তাবলি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। মূলত কৃষকদের কৃষি খাতে ঋণ গ্রহণে উদ্বুদ্ধ করাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে কৃষকদের মাঝে মোট ৩ কোটি ৬৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।