ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকার যোগ্য নন। রোববার প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি এই কঠোর মন্তব্য করেন। অথচ এর মাত্র কয়েক ঘণ্টা আগে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনার খবর পাওয়া গিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি, বাস্তব ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। তিনি অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং পুলিশ ও শিন বেতকে দ্রুত জনসমক্ষে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ আইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্টের (রাআম) কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক ব্যক্তির কাছে পাঠান, যিনি গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে পরিচিত এবং অতীতে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন। ওই তথ্যের ভিত্তিতে কোনো পরোয়ানা ছাড়াই রাআম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নির্বাচনের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় পাঁচ ফিলিস্তিনি বংশোদ্ভূত নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন, যা অ্যাটর্নি জেনারেলের দপ্তর প্রত্যাখ্যান করে। পরবর্তীতে পুলিশি তদন্তে নির্বাচনে কারচুপির কোনো ভিত্তি পাওয়া না যাওয়ায় রাআম দলের ওই তিন ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।
নেতানিয়াহুর লিকুদ পার্টি আইজেনকটের এই বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর উসকানি বলে উল্লেখ করেছে। এর আগে শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন যে, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু ফিলিস্তিনি ইসরায়েলিদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণায় উসকানি দিয়েছেন। যদিও নেতানিয়াহু বারবার আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানাচ্ছেন, কিন্তু আইজেনকট সেই প্রস্তাবকে ধাপ্পাবাজি বলে নাকচ করে দিয়েছেন। উল্লেখ্য যে, গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রেসিডেন্ট আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
ওই ব্যক্তি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন।চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো পরোয়ানা ছাড়াই রাআম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান।
ভোটের ফলাফলে দেখা যায়, নেতানিয়াহুর এত চেষ্টার পরও এ বছর আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হয়েছে।