আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৪তম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সানাউল্লাহর মতে, স্থানীয় সরকার নির্বাচন বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

কমিশন সভায় ইউপি নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখার কারণ হিসেবে তিনি জানান, আইনি জটিলতা বা অন্যান্য কারণে নির্বাচন পিছিয়ে গেলে তা পরে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। নির্বাচনের ধাপ অনুযায়ী প্রথম ধাপে ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে ইউনিয়নগুলোর তালিকা ও নির্বাচনের তারিখ প্রকাশ করা হবে।

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনার জানান, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের নিবন্ধনের ক্রমানুসারে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এই সংলাপ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।