সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কথিত দুটি শর্তের যে খবর প্রচার হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেছেন যে, এ ধরনের কোনো শর্ত বা প্রস্তাব ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া হয়নি এবং এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো পর্যায়েই কোনো আলোচনা হয়নি।

বিবিসি বাংলার সাম্প্রতিক একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, একটি শর্ত ছিল যে যেহেতু শেখ হাসিনা সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেয়ার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে। অন্য শর্তটি ছিল, দেশে ফেরার পর তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে এবং জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার নতুন করে শুরু করতে হবে।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনে এ প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। তিনি আরও যোগ করেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দেশটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু এলে বাংলাদেশ তা গ্রহণ করবে এবং জবাব দেবে। এর বাইরে ভারতের কোথায় কী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা দেখার সময় সরকারের নেই এবং সেটি আলোচনার বিষয়ও নয়।

বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তা ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার উদ্ধৃতি দেয়া হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। এছাড়া একজন সামরিক সূত্রের বক্তব্যও সেখানে তুলে ধরা হয়েছিল। এসব বিষয়ে শামা ওবায়েদ পুনরায় নিশ্চিত করেন যে, কোনো লেভেলেই এ ব্যাপারে ভারতের সাথে কোনো কথা হয়নি।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ওই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে এবং বিষয়টি আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে। তিনি আশা প্রকাশ করেন, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকেও অন্য আসামিদের মতো বাংলাদেশে ফিরিয়ে এনে সাজা ভোগ করানো হবে। পাসপোর্ট পাওয়ার অধিকার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামি বা যার বিরুদ্ধে মামলা আছে, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়। এ বিষয়টি নিয়ে একটি আইন প্রতিষ্ঠান বাংলাদেশের মিশনের কাছে প্রশ্ন পাঠিয়েছে, যা সরকার পর্যালোচনা করছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর শেখ হাসিনা ইস্যুর প্রভাব নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এই সম্পর্ক অনেক গভীর এবং তা কেবল একটি বিষয়ের ওপর সীমাবদ্ধ নয়। মুক্তিযুদ্ধের আগ থেকেই এই সম্পর্কের সূচনা হয়েছে এবং দুই দেশের বিভিন্ন ইস্যু কূটনীতির মাধ্যমেই সমাধান করা হবে।