শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এখন থেকে নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এই কারিগরি শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।
শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে। এর জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার তালিকা থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ ভালো হলে লাভ সবারই। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন যে, আপনজনদের জন্মদিনে গাছ উপহার দিতে হবে এবং বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। এছাড়া পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
উল্লেখ্য, সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সেখানে সংক্ষিপ্ত ব্রিফিং ও লাইব্রেরি পরিদর্শন করেন। এছাড়া সংসদের উত্তর প্লাজায় তাদের ফটোসেশনে অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।