পৃথিবীর মানচিত্রের দুই প্রান্ত আর্কটিক ও অ্যান্টার্কটিকা। একদিকে বরফে ঢাকা হিমবাহ, গভীর ফিয়র্ড আর মেরুভালুকের বিচরণ; অন্যদিকে বিশাল বরফের মহাদেশ, পেঙ্গুইন ও অনন্য মেরুপ্রকৃতি। সাধারণ পর্যটকের কাছে এসব অঞ্চল যেন দূর কোনো স্বপ্নের নাম। সেই স্বপ্নকে বাংলাদেশের ভ্রমণপিপাসুদের নাগালের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন ভ্রমণকনটেন্ট নির্মাতা ও পর্যটন উদ্যোক্তা সালাহউদ্দীন সুমন।

তার নেতৃত্বে ২০২৭ সালের জুলাইয়ে আর্কটিক অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশি পর্যটকদের একটি দল। নরওয়ের স্ভালবার্ড দ্বীপপুঞ্জের স্পিটসবার্গেনকে কেন্দ্র করে পরিচালিত হবে এ অভিযান। এটি শুধু একটি ব্যতিক্রমী ভ্রমণ আয়োজন নয়; বাংলাদেশের পর্যটন খাতে অ্যাডভেঞ্চার ও এক্সপেডিশন ট্যুরিজমের নতুন সম্ভাবনার বার্তাও বহন করছে।