বাংলাদেশে ফ্যাসিবাদী সংস্কৃতি নির্মূল করতে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের মূল্যায়ন করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দলীয় আনুগত্য কিংবা চাটুকারিতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে রাষ্ট্র আবারও চরম সংকটের মুখে পড়বে। জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনায় আমূল পরিবর্তন আনার ওপর তিনি জোর দেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘আওয়ামী সন্ত্রাস, আওয়ামীপনা ও ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লব-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক মিনহাল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের সাফল্যের মূল চাবিকাঠি ছিল মানুষের ঐক্যবদ্ধ অবস্থান। রাজনৈতিক ও আদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের প্রতি ভালোবাসা, সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস এবং অন্যায়-জুলুমের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। তিনি আন্দোলনের সময়কার অভূতপূর্ব আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ এবং পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাদ্রাসার ছাত্ররা একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন।

আন্দোলনের আধ্যাত্মিক ও মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, কঠিন মুহূর্তে গুলিবর্ষণ ও রক্তাক্ত হওয়ার ঘটনার মাঝেও আজান হলে মানুষ নামাজে দাঁড়িয়ে গেছেন। বিজয়ের পর গণভবনে সেজদায় অবনত হওয়ার দৃশ্য সেই আধ্যাত্মিক চেতনারই বহিঃপ্রকাশ। তবে তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে বলেন, বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছিল, তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বর্তমান সরকারের কিছু প্রতিনিধির মধ্যে অতীতের আওয়ামী লীগের মতোই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা হতাশাজনক।

জাহিদুল ইসলাম আরও বলেন, অতীতে বিএনপিও জুলুমের শিকার হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করেন এমন দক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে হবে। প্রয়োজনে ভিন্ন মতাদর্শের হলেও যোগ্যদের মূল্যায়ন করতে হবে। আওয়ামীপনা কেবল একটি দলের বিষয় নয়, এটি একটি সংস্কৃতি ও অভ্যাস, যা সম্মিলিতভাবে দূর করতে হবে।

মিনহাল সম্পাদক ইউসুফ আম্মারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংগঠক সামান্তা শারমিন এবং ডেল এইচ. খান।