২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩.৩৮ লাখ কোটি টাকা। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মোট ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণের পরিমাণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। চলতি অর্থবছরে ঋণ পরিশোধের জন্য আসল ও সুদসহ ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈদেশিক ঋণ পরিশোধের বিষয়ে বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ দশমিক ৯৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। তিনি বলেন, বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো যেন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া উচ্চ সুদ ও অনমনীয় স্বল্পমেয়াদী শর্তযুক্ত বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার উন্নয়ন প্রকল্প ও বৈদেশিক সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তা ছাড় ৬০ শতাংশ কমেছে। এর পেছনে গত দুই বছরের অভ্যন্তরীণ অস্থিরতা ও প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতি মোকাবিলায় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকসহ প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকার নিয়মিত তদারকি ও কাঠামো গড়ে তোলার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।