মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশযান নাসার ভয়েজার-১ মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছে। ১৯৭৭ সালে মহাকাশে পাড়ি জমানো এই যানটি পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রমের একেবারে দ্বারপ্রান্তে রয়েছে। এক আলোকদিন বা ২৪ ঘণ্টায় আলোর অতিক্রান্ত দূরত্ব হলো প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার বা ১৬ বিলিয়ন মাইল। নাসার তথ্য অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলা ভয়েজার-১ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার সকাল ৫টা ১৬ মিনিটে এই দূরত্বে পৌঁছানোর কথা ছিল। এটি কেবল দূরত্বের রেকর্ড নয়, বরং পাঁচ দশক ধরে মহাকাশযানটির কার্যক্ষমতা বজায় রাখা এবং এত বিশাল দূরত্ব থেকে যোগাযোগ রক্ষা করার এক অসাধারণ প্রকৌশলগত সাফল্য।

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে টাইটান থ্রি-ই সেন্টর রকেটের মাধ্যমে ভয়েজার-১ উৎক্ষেপণ করা হয়। এর ১৬ দিন আগে এর যমজ মহাকাশযান ভয়েজার-২ উৎক্ষেপণ করা হলেও কয়েক মাসের মধ্যেই ভয়েজার-১ দূরত্বের দিক থেকে তাকে ছাড়িয়ে যায়। মহাকাশ গবেষণার শুরুর দিকে বৃহস্পতি ও শনির গ্রহ-উপগ্রহ অনুসন্ধানে ভয়েজার-১ গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এটি বৃহস্পতির চারপাশে একটি সরু বলয় এবং থিবি ও মেটিস নামের দুটি নতুন উপগ্রহ শনাক্ত করেছিল। একইসঙ্গে শনির চারপাশে পাঁচটি নতুন উপগ্রহ ও জি-রিংয়ের সন্ধান দিয়েছিল। অন্যদিকে ভয়েজার-২ ইউরেনাস ও নেপচুনের কাছ দিয়ে উড়ে গিয়ে সেসব গ্রহ সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করে।

মহাকাশযানটি ২০১২ সালে সূর্যের তৈরি হেলিওস্ফিয়ারের বাইরের সীমানা অতিক্রম করে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। সূর্য থেকে নির্গত কণা ও চৌম্বক ক্ষেত্রের এই বুদ্‌বুদসদৃশ অঞ্চল সৌরজগতের বাইরের পরিবেশ থেকে ভেতরের অংশকে সুরক্ষা দেয়। ভয়েজার-২ একই সীমানা অতিক্রম করে ২০১৮ সালে। ভয়েজার-১ মহাকাশে সূর্যের প্রভাবের বাইরে মহাজাগতিক রশ্মির নিম্নশক্তির কণা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করে দিয়েছে। ক্যালটেকের গবেষক অ্যালান কামিংসের মতে, এই তথ্য মহাজাগতিক রশ্মি গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভয়েজার-১ ও ভয়েজার-২—উভয় মহাকাশযানেই রয়েছে ‘গোল্ডেন রেকর্ড’। সোনার প্রলেপ দেওয়া তামার এই ডিস্কে পৃথিবীর ছবি, প্রাকৃতিক শব্দ, সংগীত এবং ৫৫টি ভাষায় শুভেচ্ছাবার্তা সংরক্ষিত আছে। এর মূল উদ্দেশ্য হলো, ভবিষ্যতে কোনো বুদ্ধিমান ভিনগ্রহের প্রাণী মহাকাশযানটি খুঁজে পেলে পৃথিবী ও মানবসভ্যতা সম্পর্কে ধারণা পেতে পারে। ধারণা করা হচ্ছে, ভয়েজার-২-এর ক্ষেত্রে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে আরও প্রায় নয় বছর সময় লাগতে পারে। দীর্ঘ পথ পাড়ি দেওয়া ভয়েজার-১ তাই শুধু প্রযুক্তির সক্ষমতাই নয়, বরং মহাবিশ্ব সম্পর্কে মানুষের জানার অদম্য আকাঙ্ক্ষার এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।