রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে মিরপুর মডেল থানা এলাকার মিরপুর-১ বাসস্ট্যান্ডে রাজধানী পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটিতে আগুন ধরিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানিয়ে মিরপুর-১ এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন বলেন, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। বাসে থাকা যাত্রী, চালক ও হেলপার দ্রুত নিরাপদে নেমে আসতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুরো বাসটি ভস্মীভূত হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত ওই দুইজনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।