পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে ‘নবাব মেডিসিন সেন্টার’ নামে একটি ওষুধ বিক্রির প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তল্লাশি চালিয়ে জব্দ করা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নতুনহাট গ্রিনসিটি এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা ঔষধ প্রশাসন ও ঈশ্বরদী উপজেলা প্রশাসন। অভিযানকালে নবাব মেডিসিন সেন্টারে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদের তারিখ উত্তীর্ণ এবং সরকারি অনুমোদনহীন ওষুধ উদ্ধার করা হয়। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারা অনুযায়ী দোকানটির মালিক নবাব আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। ঘটনা নিশ্চিত করে তিনি জানান, নতুনহাট গ্রিনসিটি এলাকার ওই প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ওষুধ জব্দ এবং তা জনসম্মুখে ভস্মীভূত করা হয়েছে। জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা এবং ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিল।