চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাড়ির মালিক মো. জাফরের দাবি, ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাঁর ভবনের দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে গুলি চালায়। ওই কক্ষে কেউ থাকতেন না বলে জানা গেছে।
ভুক্তভোগী জাফর জানিয়েছেন, প্রায় ১০ মাস আগে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময় তিনি চিকিৎসার প্রয়োজনে সস্ত্রীক ভারতে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর দীর্ঘ সময় রায়হান যোগাযোগ না রাখলেও সম্প্রতি তিনি আবারও ফোন করে সেই একই অঙ্কের টাকা দাবি করেন। গত বুধবার সর্বশেষ চাঁদা দাবির পর রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এই হামলা চালায়।
হামলার পর জাফরকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’ স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় বড় সাজ্জাদের নাম ব্যবহার করে রায়হান ও ডেভিড ইমন ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করে আসছেন। ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর এখন রায়হান চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে রায়হান ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন, তাঁর নাম ব্যবহার করে অন্য কেউ এই অপকর্ম করছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ভুক্তভোগী জাফর ও অভিযুক্ত রায়হান উভয়ের বাড়ি রাউজান উপজেলায় এবং তারা একে অপরকে চেনেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগীকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। জাফর পরিবারের সঙ্গে আলোচনা করে দ্রুতই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।