চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিজেই নিজের পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
জয় চৌধুরী জানিয়েছেন, আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেবেন। ওই সময় তিনি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নিজের অবস্থান তুলে ধরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বলেও জানিয়েছেন।
এর আগে গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এফডিসি গেটে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা এতে অংশ নিলেও সেখানে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজন সদস্য অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতি চলচ্চিত্র অঙ্গনে অসন্তোষ তৈরি করে।
মানববন্ধন শেষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান ক্ষোভ প্রকাশ করে শিল্পী সমিতির চত্বরে যান। সেখানে জয় চৌধুরীর সঙ্গে তার মুখোমুখি কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলাল খান শিল্পী সমিতির সামনে থাকা ব্যক্তিদের উদ্দেশ করে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেন এবং জয় চৌধুরীকেও একই ধরনের সম্বোধন করেন। এছাড়া তিনি এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথাও বলেন।
এই ঘটনার ব্যাখ্যায় জয় চৌধুরী জানান, ঘটনার সময় শিল্পী সমিতির সামনে অভিনেতা ডি এ তায়েবের কয়েকজন ভক্ত জন্মদিনের কেক কাটার জন্য অপেক্ষা করছিলেন। ডি এ তায়েবের আসতে দেরি হওয়ায় তারা সেখানে অবস্থান করছিলেন। জয় চৌধুরীর দাবি, ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে যেতে কিছুটা দেরি হওয়ার কারণেই হেলাল খান তার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন। তার মতে, ওই ভক্তরা কেন বা কীভাবে এফডিসিতে এসেছেন সে বিষয়ে ডি এ তায়েব নিজেও অবগত ছিলেন না, মূলত ভুল বোঝাবুঝি থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই তিনি আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।