দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের নাতি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন। তাঁকে পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে তিনি পিএইচপি ফ্যামিলির তৃতীয় প্রজন্মের প্রথম সদস্য হিসেবে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নেতৃত্বে এলেন।

লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে সাইকোলজি ও মার্কেটিং বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন ভিক্টর মহসিন। শিক্ষাজীবন শেষ করার পর তিনি পিএইচপি ফ্যামিলিতে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে হাতে-কলমে কাজ করে তিনি পর্যায়ক্রমে অভিজ্ঞতা অর্জন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ভিক্টর মহসিন ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণে নতুন ধারার উদ্যোগ গ্রহণের জন্য পরিচিত। বাজারের পরিবর্তন, ভোক্তাদের চাহিদা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা পেতে তিনি নিয়মিত দেশের বিভিন্ন গ্রাম ও শহরের বাজার পরিদর্শন করেন। বিক্রেতা ও ভোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি বাজারের বাস্তব চিত্র বোঝার চেষ্টা করেন এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্যোগ নেন।

পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের নতুন দায়িত্বের পাশাপাশি তিনি পিপলস ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক এবং অক্সিজেন স্পোর্টস জোনের ব্যবস্থাপনা অংশীদার হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিল্প ও বাণিজ্যের পাশাপাশি খেলাধুলা ও বিনোদন খাতেও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। অক্সিজেন স্পোর্টস জোনের মাধ্যমে তিনি চট্টগ্রাম নগরীতে আধুনিক ক্রীড়া ও বিনোদন সুবিধা সম্প্রসারণে কাজ করছেন।

ভিক্টর মহসিনের এই পদোন্নতিকে পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে প্রজন্মান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাঁর দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিল্পগোষ্ঠীটির ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও শিল্প কার্যক্রমে তৃতীয় প্রজন্মের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।