শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার প্রয়োজনে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। সেখান থেকেই তিনি তার পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও তিনি যুক্তরাষ্ট্রে থাকায় ভোট দিতে পারেননি, যে বিষয়টি তিনি সংসদ সচিবালয়কে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন। স্পিকার জানান, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে। সংবিধানের এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন এবং স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক এই আমলা বিশ্বব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং তার দক্ষতার প্রশংসা রয়েছে সব মহলে।
দীর্ঘ আট বছর প্রবাস জীবন কাটিয়ে ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে তিনি পুনরায় সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি। এছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়, যার সভাপতি ছিলেন ৮৬ বছর বয়সী ড. ওসমান ফারুক।