বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয় এবং পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আদালতে শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন, আন্দোলন দমনের সময় অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, তাদের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। এছাড়া মামলার অন্য পলাতক আসামিদের শনাক্তকরণ, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় নিশ্চিত করা এবং সাঈদ খোকনকে যারা আশ্রয় দিয়েছেন তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ১৪ বছর বয়সী আব্দুল মোতালিব নিহত হন। এই ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সাঈদ খোকন এই মামলার এজাহারনামীয় ২৯ নম্বর আসামি।