গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করার পর তাঁদের ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠ থেকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আটকের পরপরই উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে স্থানীয়দের জড়ো করা হয়। একপর্যায়ে জড়ো হওয়া ব্যক্তিরা আটক নেতা-কর্মীদের মুক্ত করতে থানার দিকে অগ্রসর হন।

স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় পুলিশ টিয়ারশেল ও ছররা গুলি নিক্ষেপ করে। এই সংঘাতের এক পর্যায়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং আটককৃত ব্যক্তিদের থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়।