গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ঘটনাস্থল ছাড়লে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে। পরবর্তীতে থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে ভবনে অগ্নিসংযোগ করা হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতী এলাকার বাড়িতেও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়াম সংলগ্ন এলাকায় পুলিশ একটি চেকপোস্ট বসায়। সেখান থেকে কয়েকজন ব্যক্তিকে আটক এবং বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। আটকের বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকাগুলোতে মাইকিং করে নেতাকর্মীদের জড়ো করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হলে পুলিশের সঙ্গে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েক দফায় গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। স্থানীয়দের দাবি, পুলিশের গুলিতে কয়েকজন আহত হয়েছেন; তবে তাদের পরিচয় কিংবা সুনির্দিষ্ট সংখ্যা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একপর্যায়ে পুলিশ দুর্ঘটনাস্থল ত্যাগ করলে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। সেখানে ফের উত্তেজনার মাঝে ভেতরে থাকা আটক ব্যক্তিদের বের করে আনা হয় এবং থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন জ্বলছিল বলে জানা গেছে।

থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটানোর পর বিক্ষোভকারীদের একটি দল পাটগাতী এলাকায় সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা চালায়। তারা সেখানে ব্যাপক ভাঙচুর চালিয়ে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তবে এসব হামলায় সামগ্রিক ক্ষতির পরিমাণ এবং হতাহতের সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে কথা বলতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে টুঙ্গিপাড়ার সহিংসতার মধ্যেই পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলায় দিনভর মিছিল ও পথসভা করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা উপজেলার ওয়াবদারহাট, মহুয়া মোড়, পিঞ্জুরি এবং কুশলা ইউনিয়নের খান মার্কেট এলাকায় সক্রিয় উপস্থিতি জানান দেন। পথসভাগুলো থেকে আগামী ১৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় সচল করার ঘোষণা দেওয়ার পাশাপাশি ওই দিনের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

কোটালীপাড়ায় আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খশরু, যুব মহিলা লীগের সভানেত্রী সাবানা খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন শেখ, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া এবং সাবেক ভিপি হায়দার হাজরাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে। স্থানীয়দের মতে, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি অনেক নেতাকর্মী এলাকায় ফিরেছেন এবং কর্মসূচি সফল করতে ছোট ছোট দলে ভাগ হয়ে তৎপরতা চালাচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমির সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থেকে সাদা কাপড় সরিয়ে ফেলা হয়, যা গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কাপড়ে ঢাকা ছিল। এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের মূল ফটকে প্রতিষ্ঠানটির পূর্ববর্তী নাম ‘কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিফাত দাড়িয়া ও সাধারণ সম্পাদক টিএম শফিক। এছাড়া সন্ধ্যায় কোটালীপাড়া থানা থেকে প্রায় ৩০০ গজ দূরে মহুয়া চত্বরের সড়কের একটি তোরণে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এ আগুনের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আগামী ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে গোপালগঞ্জজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি, এসআরবি ও পুলিশের যৌথ পাহারার মধ্যেই টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, আসামি ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো জেলার নিরাপত্তাব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।