গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ঘটনার সময়কার প্রতিটি ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং এর মাধ্যমে জড়িত প্রত্যেক দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার সন্ধ্যার পর আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়। তারা প্রথমে থানা ঘেরাও করে এবং পরবর্তীতে থানা চত্বরে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নীতি হলো একজন নিরীহ মানুষকে বাঁচাতে প্রয়োজনে ১০ জনের অপরাধের বিষয়ে কিছুদিন ধৈর্য ধারণ করা হবে। বর্তমান সরকার গণতান্ত্রিক প্রকৃতির সরকার উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এই দেশে আর কোনো রকম রাজপথে আন্দোলনকারীদের হত্যার ঘটনা দেখতে চায় না।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে বল প্রয়োগ করবে। তিনি বলেন, যদি কেউ মনে করে হুমকি দিয়ে বা থানায় আগুন দিয়ে শক্তি প্রদর্শন করা যাবে, তবে তারা ভুল করছে। সরকার প্রমাণ করে দেবে যে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই নিজেদের অস্তিত্ব সংকটে ফেলছে।

শ্রমিক অসন্তোষ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এখন তারা বুঝেছে এই আন্দোলনের নামে শ্রমিকদের ব্যবহার করে কারা কী ফায়দা নিতে চায়। দেশের বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কোনো শ্রমিককে গুলি করেনি, বরং কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। ফ্যাসিবাদী শক্তি, পতিত মাফিয়া শক্তি কোনো দিনই আর গণতান্ত্রিকভাবে এ দেশে রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।