নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র মোকাবিলায় সাংগঠনিক ও রাজনৈতিকভাবে সর্বশক্তি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির হাইকমান্ড স্পষ্ট করেছে যে, তারা আইন নিজের হাতে তুলে নেবে না, তবে দেশের অস্থিতিশীলতা ও নাশকতা রুখতে রাজপথে সক্রিয় থাকবে। এই লক্ষ্য বাস্তবায়নে দলের সংসদ সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ তৃণমূল পর্যন্ত সব স্তরের নেতাকর্মীদের মাঠে থাকার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৯ নভেম্বর জাতীয় সংসদে দলীয় সংসদীয় দলের সভায় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা রাজপথে আছি এবং ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের রাজপথেই থাকতে হবে। তিনি আরও সতর্ক করেন যে, বিভিন্ন মহলের উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ডিসেম্বরে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা রয়েছে, তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট গুঞ্জন ও নাশকতার আশঙ্কায় বিএনপি এই কৌশল গ্রহণ করেছে।
বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, শেখ হাসিনা ডিসেম্বরে না ফিরলেও ভারত থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং পোশাক শিল্পে অস্থিরতার পেছনে নিষিদ্ধ সংগঠনের ইন্ধন রয়েছে বলে দলটির অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, হাসিনা ফিরতে চাইলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও একই মত পোষণ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করা প্রশাসনের কাজ, তবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখতে জনগণ ও বিএনপি রাজপথে থাকবে। ১৫ নভেম্বর তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ডিসেম্বরজুড়ে বিক্ষোভ, শোভাযাত্রা ও জনসচেতনতামূলক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিসেম্বরের কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবস, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বর্ষপূর্তি এবং খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হবে। বিজয় দিবস উপলক্ষে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ব্যানারে ১৬ থেকে ১৯ ডিসেম্বর ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় কনসার্টের পরিকল্পনা রয়েছে। এদিকে ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এক বছর পূর্ণ হবে। ২০২৫ সালের এই দিনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। পরে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। দিনটিকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক পথচলার বিষয়টিও তুলে ধরতে চান নেতারা। এছাড়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে স্মরণসভার আয়োজনের পরিকল্পনা রয়েছে। মৃত্যুবার্ষিকীতে বিএনপিও বড় পরিসরে স্মরণ ও দোয়া কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারাও জানিয়েছেন, তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে সজাগ থাকবেন।