ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বুধবারের জন্য ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

নতুন করে বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এরপর শ্রমিকেরা পুনরায় হারিকেন এলাকায় অবস্থান নেন।

গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরেই ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছিলেন শ্রমিকেরা। বুধবার সকালে নতুন করে বিক্ষোভ শুরু হলে কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলেও তাঁরা মহাসড়কে অবস্থান নেননি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।