সুস্থ দেহ ও নির্মল মন বজায় রাখতে নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই। শৈশব থেকে বার্ধক্য—জীবনের প্রতিটি পর্যায়ে শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেন চিকিৎসা বিজ্ঞানীরা। একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে ইসলামে স্বাস্থ্য রক্ষা ও শারীরিক কসরতের ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজে যেমন নিয়মিত ব্যায়াম করতেন, তেমনি সাহাবিদেরও নির্দোষ খেলাধুলা, কুস্তি, ঘোড়দৌড় ও তীর নিক্ষেপ চর্চার পরামর্শ দিতেন।
মানুষের জীবনযাত্রা ও কর্মস্পৃহা নির্ভর করে সুস্থতার ওপর। ইসলামে দুর্বলতার চেয়ে শারীরিক ও মানসিকভাবে সবল মুমিনকে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, 'দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন অধিক কল্যাণকর ও আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে; যা তোমাকে উপকৃত করবে, সেটিই কামনা করো' (মুসলিম : ২৬৬৪)। মানুষের রোগব্যাধি প্রতিরোধে ইসলাম পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করে। হালাল ও হারাম খাবারের নির্দিষ্ট নীতিমালা নির্ধারণের পেছনেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিহিত রয়েছে। তা সত্ত্বেও কেউ অসুস্থ হলে সুচিকিৎসা নিশ্চিত করার স্পষ্ট নির্দেশনা রয়েছে।
আল্লাহর ইবাদত ও দ্বীনের পথে যেকোনো সংগ্রামের জন্য কায়িক ও শারীরিক শক্তি-সামর্থ্য রক্ষা করা অপরিহার্য। শারীরিক শক্তিকে আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হিসেবে গণ্য করা হয়। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, 'যে ইমানদার ব্যক্তির শারীরিক শক্তি আছে, সে শ্রেষ্ঠ ও আল্লাহর কাছে প্রিয়' (মুসলিম : ৬৯৪৫)। যত্ন না নিলে বার্ধক্য আসার আগেই মানবদেহ রোগে আক্রান্ত হয়ে পড়ে। এক সাহাবি সারাদিন রোজা রাখা ও রাতভর নামাজে মগ্ন থাকায় মহানবী (সা.) তাকে সতর্ক করে বলেন, 'নিশ্চয়ই তোমার ওপর তোমার শরীরের হক রয়েছে' (বোখারি : ৫৭০৩; তিরমিজি : ২৩৫০)। এ ছাড়া বার্ধক্যের আগে যৌবনকে এবং অসুস্থতার আগে সুস্থতাকে গনিমতের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৮/১২৭; সহিহুল জামে : ১০৭৭)।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, শারীরিক সামর্থ্য বৃদ্ধিতে প্রাচীনকাল থেকেই বিশ্বজুড়ে কুস্তির প্রচলন ছিল। মহানবী (সা.)-এর যুগেও এই খেলার মাধ্যমে শক্তি পরীক্ষার চল ছিল। বদরের যুদ্ধের আগে মুসলিম সেনাবাহিনীতে অপ্রাপ্তবয়স্কদের আলাদা করা ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের সময় এক ঐতিহাসিক ঘটনা ঘটে। হযরত রাফে ইবনে খাদিজ (রা.) ও হযরত সামুরা ইবনে মুররি (রা.) নামের দুই কিশোরকে যখন বাহিনী থেকে বাদ দেওয়া হচ্ছিল, তখন রাফে পায়ের আঙুলে ভর দিয়ে উঁচিয়ে দাঁড়িয়ে প্রাপ্তবয়স্কদের মতো উচ্চতা প্রদর্শন করেন এবং যুদ্ধে যাওয়ার সুযোগ পান। এতে বাদ পড়া সামুরা (রা.) মহানবী (সা.)-এর কাছে গিয়ে নিবেদন করেন, 'ইয়া রাসুলাল্লাহ (সা.)! রাফেকে যখন সেনাবাহিনীতে থাকার সুযোগ দিচ্ছেন, তখন আমাকেও থাকার অনুমতি দিন। কারণ আমি তাকে কুস্তি প্রতিযোগিতায় পরাজিত করতে পারি।' এরপর রাসুল (সা.) দুজনের মধ্যে কুস্তির আয়োজন করলে সামুরা জয়ী হন। ফলে মহানবী (সা.) সন্তুষ্ট হয়ে সামুরাকেও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন (সিরাতে ইবনে হিশাম : বদর যুদ্ধের অধ্যায়)।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, নিয়মিত শরীর চর্চায় মস্তিষ্ক থেকে বিভিন্ন রাসায়নিক উপাদান নির্গত হয়ে চিত্ত প্রফুল্ল করে এবং চেহারার লাবণ্য ও আত্মবিশ্বাস বাড়ায়। সারাদিনের কর্মব্যস্ততা শেষে আধঘণ্টা হাঁটা, জগিং বা হালকা ব্যায়াম শরীরে অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে হৃদযন্ত্র ও রক্তনালি সচল রাখে। এতে কাজের মনোযোগ ও কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি অনিদ্রা দূর হয়। চিকিৎসা তথ্য অনুযায়ী, ডায়াবেটিস রোগীরা দৈনিক ২ ঘণ্টার বেশি হাঁটলে ডায়াবেটিসজনিত মৃত্যুর হার ৩৯ শতাংশ এবং হৃদরোগজনিত মৃত্যুর হার ৩৪ শতাংশ কমে যায়। এ ছাড়া দৈনিক অন্তত ৩০ মিনিট মাঝারি শারীরিক পরিশ্রম ইনসুলিনের সহনশীলতা বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, রক্তচাপ ও কোলেস্টেরল কমায় এবং স্ট্রোক, হাড়ের ক্ষয়, স্মৃতিভ্রংশতা ও অ্যালঝাইমার্সের ঝুঁকি হ্রাস করে।