সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে তাদের সিরাজগঞ্জ আমলি আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) রাতে পুলিশ পৌরশহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—শহরের হোসেনপুর মহল্লার মৃত গোলজার হোসেনের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী রিপন সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিন (২৭), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বনবাড়িয়া ঠাকুরটেক গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আসিফ শেখ (২১), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সদস্য দত্তবাড়ী মহল্লার মো. আলামিনের ছেলে মো. হাসান (২৪), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বহুলী গ্রামের মৃত জামাত আলীর ছেলে মো. আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু হাসান (২০)।