মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের মালিকের বাড়ি থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকালের দিকে শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এক জায়গায় ছত্রভঙ্গ হওয়ার পর তারা অন্য জায়গায় গিয়ে পুনরায় অবরোধ তৈরি করেন। কিছু স্থানে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
এই শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ মানুষ যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি বিবেচনায় গাছা ও বাসন সড়ক এলাকার বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া মোট ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।