মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিস পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিস প্রদান করেন।

নোটিসে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তাকে দেশে এনে আইনি হেফাজতে নেয়ার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি নোটিসে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে এই নোটিস পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের কাছে রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে নোটিসটি পাঠানো হয়।