গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনায় রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।
জামায়াতের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতার আরেকটি প্রমাণ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে গোপালগঞ্জের সাধারণ মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামী আরও জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতির ওপর কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।
রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির দ্রুত হস্তক্ষেপ কামনা করে জামায়াত দাবি জানায়, জরুরি ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে।