ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ গত বৃহস্পতিবার এই রিট আবেদনটি করেন এবং আদালতে নিজেই এর পক্ষে শুনানি করেন।

আইনজীবী কামরুন নাহার মাহমুদ জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে সরকার, যা ডিসেম্বরে শুরু হবে। শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, ২৩ ডিসেম্বর এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অথচ এর আগেই ৫ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে, ফলে ২৩ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি পরীক্ষাই অনুষ্ঠিত হয়ে যাবে।

আদালতে রিট আবেদনকারী আইনজীবী যুক্তি তুলে ধরেন যে, সরকার শিক্ষার্থীদের যে সুযোগ দিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগে অনুষ্ঠিত হলে সেই শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করতে হবে। এটি শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করবে। তিনি আরও বলেন, প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী যারা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে ২৫ দিনের মতো সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে। আদালত এই সময়ের জন্য ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন।