জোহানেসবার্গ টেস্টে বৈরী আবহাওয়ার কারণে তৃতীয় দিনের সিংহভাগ সময় খেলা বন্ধ থাকার পর, চতুর্থ দিনে ব্যাট হাতে দারুণভাবে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা মাঝে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেও স্বাগতিকদের লিড নেওয়া থেকে আটকানো সম্ভব হয়নি।
চতুর্থ দিনের খেলা শুরু হয় আগের দিনের ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে। দিনের শুরু থেকে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদা দায়িত্বশীল ব্যাটিং প্রদর্শন করেন, যার ফলে দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ ৪০০ রানের মাইলফলক অতিক্রম করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকরা ৯৪.১ ওভারে ৭ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করেছে। রিকেলটন ৬৮ এবং রাবাদা ৩১ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। বর্তমানে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২৯ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশি বোলারদের মধ্যে হাসান মাহমুদ সবচেয়ে সফল, তিনি এখন পর্যন্ত ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া তাসকিন আহমেদ শিকার করেছেন ২টি উইকেট।
এর আগে তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না পেলেও, পরবর্তীতে বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়ায়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের ইনজুরির কারণে ৪৯ রানে মাঠ ছাড়লে টাইগাররা দ্রুত তিনটি উইকেট তুলে নেয়। তাসকিনের বলে উইয়ান মুল্ডার গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন। এরপর মার্কো ইয়ানসেন ৮ রানে এবং হাসানের বলে সাইমন হার্মার ১ রানে আউট হন। এই তিনটি ক্যাচই তালুবন্দি করেন উইকেটরক্ষক লিটন দাস।