নোয়াখালীর সুবর্ণচরে খরা ও লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল বিনা-১০ জাতের বোরো ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক কৃষক সমাবেশ ও প্রদর্শনী প্লট পরিদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ১ নম্বর স্লুইসগেট এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত এই জাতের ধানের প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়। ‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি-নেক্সট’ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও (সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন) এই অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে এমএস টিসিডিসি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করছে।

এসএইচবিও কর্তৃপক্ষ জানায়, উপকূলীয় অঞ্চলে অনাবৃষ্টির কারণে কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় রবি মৌসুমে বোরো ধান চাষ নিয়ে কৃষকরা অনিশ্চয়তায় পড়েছেন। প্রচলিত জাতের ধান চাষে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। এমতাবস্থায়, খরা ও লবণাক্ততা সহিষ্ণু বিনা-১০ জাতের ধান কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প হিসেবে দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এই জাতের ধান লবণাক্ত জমিতে ভালো ফলন দেওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে উৎপাদন ব্যয় সাশ্রয় করতে সক্ষম। এছাড়া জৈব সার ও ট্রাইকো-কম্পোস্টের ব্যবহারেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

সমাবেশে শতাধিক কৃষক ও যুবক অংশগ্রহণ করেন। এতে এসএইচবিওর নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা, প্রকল্পের সমন্বয়ক আব্দুল্লাহ আল রাহাদসহ স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ফাহিদা সুলতানা জানান, সুবর্ণচরের কৃষকদের সহায়তায় ২০ জন তরুণকে ‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি লিডার’ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা এখন মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা সমাধানে কাজ করছেন। এছাড়া ফসলের রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ জন নারীকে ট্রাইকো-কম্পোস্ট সার উৎপাদন ও বাজারজাতকরণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা তাদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি করবে। আয়োজকদের প্রত্যাশা, পরিবেশবান্ধব এই কৃষি প্রযুক্তি ও লবণ সহিষ্ণু জাতের ধানের সম্প্রসারণ সুবর্ণচরের কৃষিতে নতুন সম্ভাবনা উন্মোচন করবে।