আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি ফাতিহা আয়াত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের (ডব্লিউওয়াইসি) আয়োজনে ‘প্রমিস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর চূড়ান্ত পর্বে ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছেন তিনি। এই সাফল্যের পথে তাকে গুয়াতেমালা, যুক্তরাজ্য ও মেক্সিকোর তিন প্রতিযোগীর সঙ্গে কঠোর প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। চূড়ান্ত তালিকায় তার সঙ্গে ছিলেন গুয়াতেমালার কারেন আবিগাইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন এবং মেক্সিকোর এলিসমা আদামারি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অর্জনের খবর জানিয়ে ফাতিহা বলেন, এই বিজয় কেবল তার ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশেরও গৌরব। ফাতিহার নামের সঙ্গে তার নিজস্ব উদ্যোগ ‘জিরো অলিম্পিয়াড’-এর পরিচয়ও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের উদ্দেশ্যে কাজ করা এই উদ্যোগটি দারিদ্র্য, ক্ষুধা ও কার্বন নিঃসরণের মতো বৈশ্বিক সমস্যাগুলো শূন্যের কোঠায় নামিয়ে আনার ধারণার ওপর ভিত্তি করে গড়ে তোলা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত এর চূড়ান্ত পর্বে আট হাজারের বেশি অংশগ্রহণকারীর মধ্য থেকে বাছাই করা ১৭ জন প্রতিযোগী তাদের সমাধানভিত্তিক পরিকল্পনা তুলে ধরেন।

ফাতিহা ‘CHIL&D’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই সংগঠনটি জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, তথ্য, শিক্ষা ও উন্নয়নমূলক বিভিন্ন ইস্যুতে কাজ করে। বিশেষ করে শিশুদের অধিকার সুরক্ষা এবং পরিবেশগত ঝুঁকি ও দূষণ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। এর আগে ২০২৩ সালে শিশু অধিকার ও টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ তাকে ‘হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড’ প্রদান করে।

ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের মানদণ্ড অনুযায়ী, ১৩ থেকে ১৯ বছর বয়সী তরুণদের নেতৃত্ব, দায়িত্বশীলতা, ব্যক্তিগত অগ্রগতি এবং সমাজের সঙ্গে সম্পৃক্ততার ওপর ভিত্তি করে ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয়। সংস্থাটি বর্তমানে ৮৫টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং ৪ হাজার ৫০০টিরও বেশি সহযোগী ক্লাবের মাধ্যমে প্রায় ১৫ লাখ তরুণকে সেবা প্রদান করছে। ডব্লিউওয়াইসির এই প্রমিস অ্যাওয়ার্ডস মূলত তরুণ উন্নয়নমূলক সংগঠন, কর্মসূচি ও পেশাজীবীদের কাজের স্বীকৃতি প্রদানের একটি অন্যতম আন্তর্জাতিক মঞ্চ।