দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চলমান অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
রিজার্ভের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী আগে এই রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। তবে চলতি ২০২৬ সালের ১৯ অক্টোবরের তথ্য অনুযায়ী তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রেমিট্যান্সকে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বিদেশগামী শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা এবং রেমিট্যান্স প্রবাহের এই উদ্যোগ গ্রহণ করেছিলেন।
বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেনের ব্যয় কমানো এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন নীতিগত সংস্কার করেছে বলে সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, তফসিলি ব্যাংক এবং বিদেশে অবস্থিত এক্সচেঞ্জ হাউজ ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে রেমিট্যান্স পাঠানোর নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির ফলে ট্রান্সফার খরচ কমেছে।
এছাড়া বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে সরকার নগদ প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি কম খরচে অর্থ পাঠানোর লক্ষ্যে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে এবং এ সংক্রান্ত নতুন প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলে প্রধানমন্ত্রী সংসদে জানান।