পতিত, পরাজিত এবং ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন। তিনি সংসদের ভেতরে ও বাইরে থাকা সকল গণতান্ত্রিক দলকে ২৪-এর মতো একমঞ্চে এসে দাঁড়ানোর অনুরোধ জানান। তারেক রহমান বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বর ও ৫ই আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে একমঞ্চে দাঁড়াই।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের পলাতক নেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের ঘর-বাড়িতে আগুন দেওয়া এবং জনগণকে হত্যা করার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তিনি মন্তব্য করেন যে, বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ এই গোষ্ঠীটি প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী।

প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী রাজনীতিকে চ্যালেঞ্জ করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাব বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।